সৈয়দপুর বিমানবন্দরে নগদ অর্থ জব্দ, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক
সৈয়দপুর বিমানবন্দরে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় বিপুল পরিমাণ নগদ অর্থ জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, তল্লাশির একপর্যায়ে তার কাছে থাকা ব্যাগ থেকে বিপুল অঙ্কের নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে জানা গেছে। তবে সঠিক অঙ্ক নির্ধারণে টাকা গণনা অব্যাহত রয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ করা অর্থের উৎস ও বহনের উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের সময় টাকার বিষয়ে তাৎক্ষণিকভাবে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়।
অন্যদিকে বেলাল উদ্দিন দাবি করেছেন, উদ্ধার হওয়া অর্থ ৫০ লাখ টাকার কিছু বেশি এবং তা ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে বহন করা হচ্ছিল।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া অর্থের প্রকৃত উৎস ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।