বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান **তারেক রহমান**কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মোদি এ অভিনন্দন জানান। তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন। গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের পথে ভারত পাশে থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে। পারস্পরিক সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ঢাকা থেকেও বিএনপির বিজয়ে অভিনন্দন জানানো হয়েছে। শুক্রবার সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণকে সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য অভিনন্দন জানায়। পাশাপাশি দুই দেশের মধ্যে সমৃদ্ধি, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে একযোগে কাজ করার আগ্রহের কথাও জানানো হয়।